দেশে মে মাসেই ডেঙ্গু আক্রান্ত ৪০ শতাংশ রোগী
ছবি: সংগৃহীত
১০:৫৭ পিএম | ৩১ মে, ২০২৫
দেশে গত এক দিনে ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৩৪৫ জন।
মৃত্যু হয়েছে ২৩ জনের।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডেঙ্গুতে মোট রোগীর ৪০ শতাংশ আক্রান্ত হয়েছে মে মাসে। আক্রান্ত রোগীর ৭১ শতাংশ বরিশাল বিভাগের।
চলতি বছরের মে মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের, হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয় ১৭৭৩ জন।
এর আগে, জানুয়ারিতে আক্রান্ত হয়েছে ১১৬১ জন, মৃত্যু ১০ জনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ জন, মৃত্যু ৩ জনের। মার্চে আক্রান্ত ৩৩৬ জন, কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ জন, মৃত্যু ৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বরিশালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত চার মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৩৬৪ জন। আর মে মাসে এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১ হাজার ২৬৩ জন।
চলতি বছরে বরিশালের পর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ১২৬ জন, চট্টগ্রামে ৭৪৯ জন, ঢাকা বিভাগে ৪৮৮ জন, খুলনায় ১৬১ জন, ময়মনসিংহে ৮৮ জন, রাজশাহীতে ৭২ জন, রংপুর ও সিলেট বিভাগে ১৭ জন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর বরিশাল বিভাগে ৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে চার জন।
ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৫ জন; আর ২১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, চলতি বছরে ভর্তি রোগীদের মধ্যে ৩ হাজার ১৯৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
আরএম/এসএন