আপাতত অলি পাব বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে ‘ধর্মীয় ইস্যুতে দাঙ্গা লাগানোর চেষ্টা’র অভিযোগে বিপাকে অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। এই আবহেই ফেসবুকে সরব হলেন আরেক ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী-নৃত্যশিল্পী আয়েশা ভট্টাচার্য। একটি ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়ে দেন-
‘আমার নাম আয়েশা, আমি হিন্দু হয়েও মুসলিম নাম কেন?’
নিজের পোস্টেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আয়েশা। তিনি লেখেন, তাঁর নাম নিয়ে নানা সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়। আয়েশার কথায়, নামটি তাঁর মায়ের দেওয়া-ভালোবাসা থেকেই। তাঁদের পরিবারের সবার নামই ‘A’ অক্ষর দিয়ে, তাই মেয়ের নামও আলাদা ও বিশেষ কিছু রাখতে চেয়েছিলেন মা। কোনও ধর্মীয় ভাবনা থেকে নয়, একেবারেই ভালোবেসে রাখা নাম এটি।
পোস্টে আয়েশা স্পষ্ট জানান, তিনি কোনও ধর্ম বা জাতিকে আলাদা চোখে দেখেন না। তাঁর অনেক মুসলিম বন্ধুর পাশাপাশি হিন্দু বন্ধুও সমান প্রিয়। আয়েশার কথায়, “আমরা তো আগে মানুষ। আমি মানুষ ভালোবাসি, সবার সঙ্গে মিশতে ভালোবাসি।” পরিবার থেকেই এই শিক্ষাই তিনি পেয়েছেন বলেও জানান অভিনেত্রী।
তিনি আরও লেখেন, তাঁর নাম নিয়ে তিনি গর্বিত এবং ভবিষ্যতেও কোনও ভেদাভেদে বিশ্বাস করবেন না। “জীবন খুব ছোট, ভালোবাসা নিয়েই জীবন কাটাতে চাই”-এই বার্তাই দিয়েছেন আয়েশা।
একসময় ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও বর্তমানে সমাজমাধ্যমেই বেশি সক্রিয় আয়েশা। রিল ও ভ্লগের পাশাপাশি খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘বিনি সুতোর টান’ ছবিতে, যা ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।
কেএন/টিকে