বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। পুলিশি তদন্তে জানা গেছে, এই হামলার ঘটনাটি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং দীর্ঘ সময়ের সুপরিকল্পিত ষড়যন্ত্র। গত শনিবার রোহিতের বাড়ি লক্ষ্য করে চালানো কয়েক রাউন্ড গুলির ঘটনার নেপথ্যে উঠে এসেছে নিপুণ ছক ও প্রস্তুতির খবর।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, হামলার আগে কয়েক দিন ধরে রোহিতের বাড়ি ও এর আশেপাশের এলাকার পর্যবেক্ষণ করেছিল অপরাধীরা। মূলত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা এই রেইড বা নজরদারির দায়িত্বে ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। হামলাকারীরা রোহিতের বাড়ির প্রবেশ ও বাহির পথসহ এলাকার অলিগলি সম্পর্কে নিখুঁত ধারণা নিয়েছিল।
তদন্তে উঠে এসেছে, হামলার সময় দুষ্কৃতীরা একটি পুরনো স্কুটার ব্যবহার করেছিল। প্রায় ৩০ হাজার টাকা দিয়ে কেনা সেই স্কুটারটির অর্থায়ন করেছিলেন শুভম সোনকার নামে এক ব্যক্তি। হামলার দিন সেই স্কুটারটি ব্যবহার করেই রোহিতের বাসভবনের সামনে ত্রাস সৃষ্টি করে আততায়ীরা।
পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর আততায়ীরা দ্রুত এলাকা ত্যাগ করে ভিলে পার্লে রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখান থেকে সাধারণ যাত্রীদের ভিড়ে মিশে গিয়ে লোকাল ট্রেনে চড়ে মুম্বাইয়ের বাইরে পালিয়ে যায় তারা।
যদিও পুলিশ এই ঘটনার পেছনে বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকার ব্যাপারে প্রায় নিশ্চিত, তবুও মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুম্বই পুলিশ তদন্তের পরিধি বাড়িয়েছে এবং পলাতক আসামিদের ধরতে তল্লাশি অভিযান জোরদার করেছে।
এবি/টিএ