বলিউডের বিতর্কিত এবং সরাসরি মতামত প্রকাশের জন্য পরিচিত অভিনেত্রী কঙ্গনা রনৌত সম্প্রতি ‘এপস্টেইন ফাইল্স’-এর তথ্য দেখে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত ফাঁস হওয়া তথ্য, বিশেষ করে বিখ্যাত, ক্ষমতাশীল ব্যক্তি ও সমাজের চরিত্রের অন্ধকার দিক নিয়ে কঙ্গনার মনোভাব বদলে গেছে।
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে কঙ্গনা লিখেছেন, “এপস্টেইন ফাইল্স সম্পর্কে পড়া সত্যিই বিরক্তিকর। অপরাধ সর্বত্রই হয়। কিন্তু এখানে তো অপরাধকেই আশকারা দেওয়া হয়েছে, যেন এটা কোনও ফ্যাশন। ছোটবেলা থেকে যে সব সঙ্গীতশিল্পী, অভিনেতা, তারকা, রাজনীতিবিদ, মডেল, পরিচালকদের ব্যাপারে পড়েছি, তারা কীভাবে অল্পবয়সি মহিলা ও শিশুদের সঙ্গে আচরণ করত।” তিনি এই ঘটনাগুলি দেখে সমাজের ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং মানবিকতার অস্তিত্ব কি থাকবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
কঙ্গনার মতে, একমাত্র ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং সনাতনই বর্তমান সমস্যার সমাধান করতে পারে। তিনি বলেন, “খুব হতাশ হয়েছি। ভবিষ্যৎ নিয়ে আশা দেখছি না। তবে নিশ্চিত, ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং সনাতনই একমাত্র উত্তর যা এই মুহূর্তে গোটা বিশ্ব খুঁজছে। সুর-অসুর, দেবতা-রাক্ষসদের গল্প আজকের যুগে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।” কঙ্গনার এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, মানুষের কাছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে ঈশ্বরের পথে, নাকি দৈত্যের পথে।
উল্লেখ্য, কঙ্গনা রনৌতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। অভিনয়ের পাশাপাশি তিনি মান্ডি কেন্দ্রের সাংসদ হিসেবেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরব থাকেন। ‘এপস্টেইন ফাইল্স’-এর তথ্যের ওপর তাঁর প্রতিক্রিয়া বলিউড এবং দর্শক সমাজে বড় আলোচনার জন্ম দিয়েছে।
পিআর/টিকে