আফগানিস্তানের বিশাল পুঁজিও সহজেই টপকে গেল ভারত। আর তাদের হারিয়ে ফাইনালের টিকিট কাটল ম্যান ইন ব্লুরা।
হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান ৪ উইকেটে ৩১০ রানের বিশাল পুঁজি পায়। তাতে ৩১১ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। তবে সেই লক্ষ্য ৭ উইকেট আর ৫৩ বল হাতে রেখেই পৌঁছে যায়।
টসভাগ্য ছিল আফগানিস্তানের পক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি পায় আফগান দুই ব্যাটার ফয়সাল সিনোজাদা এবং উজাইরউল্লাহ নিয়াজাই। সিনোজাদা ৯৩ বলে ১১০ আর উজাইরউল্লাহ নিয়াজাই খেলেন ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস।
দুই সেঞ্চুরিকে এক সেঞ্চুরিতেই মোকাবেলা করেছে ভারত। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী বরাবরের মতো মারকুটে খেলে ৩৩ বলে করেন ৬৮ রান।
এছাড়া অধিনায়ক আয়ুশ এমহাত্রে ৬২ আর ভিহান মালহোত্রা খেলেন অপরাজিত ৩৮ রান। এই জনের ব্যাটে ভারতের জয় পেতে একদমই কষ্ট হয়নি। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। হারারেতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফাইনাল অনুষ্ঠিত হবে।
এমআই/এসএন