বেশ কয়েকদিন আগে ভারতের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং সিনেমার গান থেকে অবসরের ঘোষণা দেন। এরই মধ্যে গায়কের জিয়াগঞ্জের বাড়িতে আমির খানের উপস্থিতি ঘিরে ইন্ড্রাস্টিতে শুরু হয় নানা জল্পনা।
আমিরের এই সফর ঘিরে অনুরাগীসহ ইন্ড্রাস্টির অনেকেই মনে করেছিলেন অরিজিৎ সিং এর সিদ্ধান্ত পরিবর্তন করতেই হয়তো জিয়াগঞ্জে ছুটে গিয়েছেন বলিউডের এই সুপারস্টার। আবার কারও ধারণা ছিল, আমির খানের আসন্ন কোনো বড় ছবির কাজ নিয়েই এই সাক্ষাৎ। অবশেষে জানা গেল আসল তথ্য।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আমির খান জিয়াগঞ্জে গিয়েছিলেন তার আগামী ছবি ‘এক দিন’র গানের রেকর্ডিং উপলক্ষে।
বরাবরের মতোই নিজের ছবির প্রতিটি ধাপে সরাসরি যুক্ত থাকতে পছন্দ করেন তিনি। সেই কারণেই মুম্বাই থেকে সরাসরি জিয়াগঞ্জে পৌঁছান আমির খান।
এই ছবির জন্য গান গাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমিরের ছবিতে গান রেকর্ডিংয়ে কাজ করছিলেন অরিজিৎ। ফলে এই সাক্ষাতের সঙ্গে অরিজিতের প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতির ঘোষণার কোনো সংযোগ নেই বলেই স্পষ্ট হয়েছে।
প্রসঙ্গত, বিরতির ঘোষণা করলেও অরিজিৎ জানিয়েছিলেন যেসব ছবির সঙ্গে তিনি পূর্বেই যুক্ত ছিলেন সেগুলির গান অবশ্যই গাইবেন। এই গানগুলির বেশিরভাগই মুক্তি পেতে এখনো সময় লাগবে। ফলে আগামী কয়েক বছর ধরেই শ্রোতারা তার কণ্ঠে নতুন গান শুনতে পাবেন।
এমকে/টিএ