হবিগঞ্জে অবৈধভাবে দেশে আনা প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
এর আগে একই দিন ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেশে আনা এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেয়া হলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে ট্রাকটিতে বহন করা পাথরের নিচে লুকিয়ে রাখা কয়েকটি বস্তা পাওয়া যায়। যেগুলো ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় কসমেটিকসসহ বিপুল পরিমাণ ওষুধ ছিল।
এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এসএস/টিএ