দু’দশকের দাম্পত্যের পর নীলাঞ্জনা শর্মা জীবনের একটি অধ্যায় চিরতরে বন্ধ করার পথে। মাতৃত্বের সুখ এবং ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটার মধ্য দিয়ে এখন তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। দুই মেয়ে সারা ও জারার পাশে দাঁড়িয়ে তিনি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন।
গভীর রাতের সোশ্যাল মিডিয়া পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, “অর্থহীন বলেই যে কোনও কিছু শেষ হচ্ছে, তা নয়। বরং যা শেখার ছিল, তার কাজ শেষ হয়ে গিয়েছে। এই অধ্যায় শেষ করার সময়ে আমার মনে কৃতজ্ঞতার বন্যা বইছে। নিজেকে চিনতে না পারার সময় এই অধ্যায় আমাকে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে। নীরবেই স্বাধীনচেতা সত্ত্বা গড়ে উঠেছে এবং আপোষহীন আত্মসম্মানবোধ দিয়েছে।”
নীলাঞ্জনার এই পোস্টে পাশে দাঁড়িয়েছেন বরখা বিস্ত। তিনি মন্তব্যে লিখেছেন, “তোমার পরিস্থিতি আমি খুব ভালো করে বুঝতে পারছি। অসংখ্য শুভকামনা রইল।” দুই নারীর এই একাত্মতা এবং পারস্পরিক সমর্থন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তোলেছে।
যদিও নীলাঞ্জনা সরাসরি ডিভোর্সের কথা উল্লেখ করেননি, তবে পোস্টের ভাষা থেকে অনুমান করা যাচ্ছে যে তিনি যিশু সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক চিরতরে সমাপ্ত করেছেন। প্রাক্তন দম্পতির সম্পর্কের নেপথ্যে তৃতীয় পক্ষের জড়িত থাকার খবরও আগে শোবিজ মহলে আলোচিত ছিল।
এই সমাপ্তি নীলাঞ্জনার জন্য শুধু একটি অধ্যায়ের শেষ নয়, বরং নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার, সাহসী হওয়ার এবং নিজের প্রতি গভীর আস্থা অর্জনের এক নতুন শুরু। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই অনুভূতি তাঁকে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল হিসেবে তুলে ধরেছে।
পিআর/এসএন