হবিগঞ্জে মোবাইল কিনে ফেরার পথে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ছবি : সংগৃহীত
১১:০১ এএম | ২২ মে, ২০২৫
মোবাইল কিনে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে যান মোবাইল ফোন কিনতে।
সেখানে ইমনের জন্য একটি মোবাইল কিনে দুজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বিদ্যুৎ প্লান্টের রাস্তার দিকে একটি ড্রাম ট্রাক মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন মারা যান।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
আউশকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহেল আহমদ জানান, ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এসএম/টিএ