© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন ৩ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ৩০ মে, ২০২৫
ঢাকার মগবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনার ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ার পর গ্রেফতার চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। এদের মধ্যে মকবুল ছিনতাইয়ের মালামাল ক্রেতা। অপর তিন আসামি সরাসরি ছিনতাইয়ে অংশ নেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ইব্রাহীম খলিল তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৯ মে সোহেলকে কেরানীগঞ্জ ও অপর তিন আসামিকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা তিনজন। বাইক থেকে দুইজন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদের। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে দেখা গেলে চাপাতি হাতে দুইজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়।

এরমধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারো ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে ভুক্তভোগীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ গত ২৬ মে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

আরআর/টিএ

মন্তব্য করুন