© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা পাভেল নিহত

শেয়ার করুন:
পাবনায় দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা পাভেল নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ এএম | ২৪ আগস্ট, ২০২৫
পাবনার গয়েশপুরে দীর্ঘদিনের বিরোধ ও মাদকসংক্রান্ত সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে সংঘর্ষের সময় তার সঙ্গে থাকা এক যুবক গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত পাভেল গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, ইমরানের অবস্থার গুরুতর হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আজকের (শনিবার) সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইএ/টিকে

মন্তব্য করুন