© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নির্বাচন / ফেসবুক পোস্টে ছাত্রদল প্রার্থীদের জন্য শুভ কামনা জানালেন ওসি

শেয়ার করুন:
ফেসবুক পোস্টে ছাত্রদল প্রার্থীদের জন্য শুভ কামনা জানালেন ওসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করেন ওসি।

পোস্টটিতে লেখা ছিল  ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’। ক্যাপশনে যুক্ত করা হয় ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল।’ এই সংখ্যা তিনটি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ (২১ নম্বর), জিএস প্রার্থী তানভীর বারী হামিম (১৭ নম্বর) এবং এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ (৮ নম্বর) এর ব্যালট নম্বর।

একজন পুলিশ কর্মকর্তার পক্ষপাতমূলক এমন পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ মন্তব্য করে তীব্র প্রতিবাদ জানান।

ব্রাহ্মণবাড়িয়ার এনসিপি নেতা আসাদুজ্জামান খোকন ওসির পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ডাকসুতেই যদি এই অবস্থা হয়, তবে জাতীয় নির্বাচনে কী হবে?’ এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, ‘একজন ওসি পদে থেকে কীভাবে একটি দলের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাতে পারেন?

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন সাংবাদিকদের বলেন, এটি দায়িত্বশীল পদে থেকে একেবারেই অনভিপ্রেত মন্তব্য। অতীতেও ওই কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগের মুখে পড়েছেন।

তবে এ বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা  পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

এসএস/এসএন

মন্তব্য করুন