আবারও প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় ফিরতে চলেছে ধর্মা প্রোডাকশনস। তরুণ প্রজন্মের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে নতুন রোমান্টিক নাট্যধর্মী ছবিতে জুটি বাঁধছেন লক্ষ্যা ও অনন্যা পাণ্ডে। ছবির নাম ‘চাঁদ মেরা দিল’, মুক্তির দিনও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে-২০২৬ সালের ৮ মে। কলেজ জীবনের আবেগ, অস্থিরতা, প্রথম প্রেমের টানাপোড়েন আর উচ্ছ্বাস মিলিয়ে এক তীব্র রোমান্সের আভাস দিচ্ছে এই আয়োজন।
পরিচালনার দায়িত্বে আছেন বিবেক সোনি, যিনি তরুণ চরিত্রের আবেগ ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো ফুটিয়ে তুলতে দক্ষ বলেই পরিচিত। ফলে গল্পে প্রেমের পাশাপাশি থাকছে বিশৃঙ্খলা, দ্বন্দ্ব আর অনুভূতির ঘনঘটা। সাম্প্রতিক সাফল্যের পর লক্ষ্যা এই ছবিতে নিজেকে এক নতুন আবেগঘন পরিসরে মেলে ধরতে চলেছেন, অন্যদিকে অনন্যা পাণ্ডেও প্রযোজনা সংস্থাটির সঙ্গে নিজের ধারাবাহিক সাফল্যের পথ আরও এগিয়ে নিচ্ছেন।
ছবির প্রচার বাক্যেই যেন প্রেমের উন্মাদনার ইঙ্গিত-ভালবাসা কখনও কখনও একটু পাগলামী দাবি করে। সেই ভাবনাকেই কেন্দ্র করে গড়ে উঠছে এই গ্রীষ্মের প্রেমের গল্প। সব মিলিয়ে তারুণ্যের অস্থির হৃদয়, প্রথম ভালবাসার মাদকতা আর বড় পর্দার রঙিন আবেশ-এই তিনের সমন্বয়ে ‘চাঁদ মেরা দিল’ ইতিমধ্যেই দর্শক মহলে আলাদা কৌতূহল তৈরি করেছে।
টিজে/টিকে