দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনার কেন্দ্রে ফিরছে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’। বহু বছর ধরে কোনো আপডেট না থাকলেও এবার ছবিটির চতুর্থ কিস্তি নতুন করে গতি পাচ্ছে বলেই খবর ছড়িয়েছে বিনোদন মহলে। জানা গেছে, এই সপ্তাহেই ছবির গল্প শোনার কথা রয়েছে রণবীর কাপুরের। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে-তবে কি অবশেষে পর্দায় ফিরছে সেই বহুল প্রতীক্ষিত দৌড়ঝাঁপ আর রোমাঞ্চ?
প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস এবার ছবিটিকে একেবারে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে বলেই ইঙ্গিত মিলছে। আগের পরিচিত ধাঁচ ভেঙে আরও সাহসী ও আধুনিক রূপ দেওয়ার প্রস্তুতি চলছে, যদিও নায়িকা নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তাঁর অন্য ছবির ব্যস্ততা ও মাতৃত্বের কারণে সেই সম্ভাবনা আপাতত ক্ষীণ হয়ে গেছে।
এদিকে ছবির সবচেয়ে চেনা পুলিশ চরিত্রগুলোকেও নাকি নতুন করে কল্পনা করা হচ্ছে। অপ্রত্যাশিত কিছু মুখ এই চরিত্রে দেখা যেতে পারে-যা পুরো ছবির মেজাজই বদলে দিতে পারে বলে ধারণা করছেন অনেকে। সব মিলিয়ে সৃজনশীল সিদ্ধান্ত ও তারকা নির্বাচনের টানাপোড়েনের মধ্যেই ‘ধুম ৪’ ধীরে ধীরে আবার আলোয় ফিরছে। রণবীর কাপুরের সম্ভাব্য যুক্ত হওয়া আর নির্মাতাদের নতুন পরিকল্পনা-এই দুইয়ের মেলবন্ধনে বহু প্রতীক্ষিত এই অ্যাকশন সিরিজ আবারও বিস্ফোরক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
টিজে/টিকে