টলিপাড়ার বাতাসে এখন শুধু বিয়ের সানাই। কেউ সাতপাকে বাঁধা পড়ছেন, তো কেউ সেরে নিচ্ছেন বাগদান। সেই তালিকায় এবার নতুন সংযোজন—অভিনেত্রী রোশনি ঘোষ। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সৌমেনের সঙ্গে আংটি বদল সেরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পরশুরাম খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সমাজমাধ্যমে তাঁদের বাগদানের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। রোশনির হবু বর সৌমেন পেশায় একজন ফটোগ্রাফার। ক্যামেরার লেন্সে মুহূর্ত বন্দি করতে করতেই যে দু’জনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছিল, তা ইন্ডাস্ট্রির অন্দরমহলে অনেকদিন ধরেই ওপেন সিক্রেট। দীর্ঘ প্রেমপর্বের পর অবশেষে আংটি বদল করে নিজেদের সম্পর্ককে নতুন নাম দিলেন তাঁরা।
বাগদানের অনুষ্ঠানে রোশনিকে দেখা যায় হালকা রঙের কারুকাজ করা শাড়ি ও ডায়মন্ড নেকপিসে, অন্যদিকে সৌমেন ছিলেন স্মার্ট স্যুট ও চশমায়। দু’জনের লুক যেন একে অপরের সঙ্গে দারুণভাবে মানানসই। আংটি বদলের ফাঁকে তাঁদের ভালোবাসার চুমুর মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।
ব্লুজ প্রোডাকশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন রোশনি। জগদ্ধাত্রী, শোলক শাড়ি-র পাশাপাশি পরশুরাম ধারাবাহিকেই তিনি পেয়েছিলেন আলাদা পরিচিতি। কাজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনে এই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
বাগদান সারলেও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি রোশনি-সৌমেন। আপাতত আংটির ঝিলিকে নতুন জীবনের আনন্দে মেতে রয়েছেন এই জুটি। ‘রিল’ লাইফের গল্পের বাইরে ‘রিয়েল’ লাইফে তাঁদের এই সুখের শুরু দেখে খুশি অনুরাগীরাও।
এমকে/টিএ