ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেছেন, তার নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এক নির্বাচনী জনসভায় যাওয়ার পথে প্রতিবন্ধকতার শিকার হন তিনি।
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের
শামা ওবায়েদ জানান, বাহিরদিয়া গ্রামে তার পূর্বনির্ধারিত জনসভা ছিল। কিন্তু সেখানে যাওয়ার পথে সড়কের ওপর বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরে তার সাথে থাকা নেতাকর্মীরা নিজ উদ্যোগে সেই বালু সরিয়ে চলাচলের ব্যবস্থা করেন।
শামা ওবায়েদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদী আমলে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যেভাবে বালুর ট্রাক রাখা হয়েছিল, ঠিক সেই কায়দাতেই আজ আমার পথ আটকানোর চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক পরিবেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জনসভাস্থলে পৌঁছে শামা ওবায়েদ আরও একটি অমানবিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি জানান, তার উপস্থিতিকে কেন্দ্র করে ওই এলাকার বাজারের সব দোকানপাট এমনকি জীবনরক্ষাকারী ওষুধের দোকানও বন্ধ করে রাখা হয়। তিনি বলেন, এলাকায় অনেক বৃদ্ধ, গর্ভবতী নারী ও অসুস্থ রোগী রয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে ওষুধের দোকান বন্ধ করে দেওয়া অত্যন্ত অমানবিক কাজ।
নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হচ্ছে দাবি করে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, অন্য প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছে, আমরা তাতে বাধা দিচ্ছি না। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ১৭ বছরের সংগ্রামের পর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি এই পরিবেশ আমাদের দেখতে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।
তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান এবং নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
টিজে/টিকে