নিজের নানু ও বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুর তৈরি এনজিও সুরভী পরিদর্শনে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুরভী এনজিও পরিদর্শনে যান জাইমা রহমান। পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভুতি প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে জাইমা লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম দিকের এনজিওগুলোর একটি হলো সুরভী। আমার নানু সৈয়দা ইকবাল মান্দ বানু নিজের বাড়ির আঙিনা থেকেই সুরভীর যাত্রা শুরু করেছিলেন।
উদ্দেশ্য ছিল একটাই- তরুণদের জীবনে অর্থবহ ও স্থায়ী পরিবর্তন আনা। দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করতে কাজ করছে “সুরভী”- যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’
তিনি লিখেন, ‘শিক্ষাই একটি সমাজের মেরুদণ্ড। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠলে মানুষ যেকোনো কিছুই করতে পারে’- নানু আমাকে সবসময় এ কথাই শিখিয়েছেন। আর সুরভীর লক্ষ্য ও কাজের মধ্যেও তাঁর সেই বিশ্বাসের প্রতিচ্ছবি আজ সুস্পষ্ট।’
তিনি আরও লিখেন, ‘ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে। সুরভীর সঙ্গে খেলাধুলায় অংশ নিতে, ভাষা চর্চা করতে ও শিল্প-সংগীতের ক্লাসে আবারও যোগ দিতে আমি শীঘ্রই ফিরে আসতে চাই।’
সমাজের অবহেলিত শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে ১৯৭৯ সালের ২ ফেব্রুয়ারি এনজিওটি তৈরি করেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। মাত্র একজন শিক্ষার্থী নিয়ে এনজিওটির যাত্রা শুরু হয়।
সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও হৃদ্রোগবিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের মা। জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৯৫ সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।
আইকে/টিএ