টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন ইস্যুতে মুখ খুলতে নারাজ ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও কোনো মন্তব্য করতে রাজি হননি গম্ভীর।
মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার সময় গণমাধ্যমকর্মীরা গম্ভীরের কাছে জানতে চান, বিশ্বকাপে পাকিস্তানের ভারতবিরোধী অবস্থান নিয়ে তার প্রতিক্রিয়া কী। তবে তিনি কোনো মন্তব্য না করে হাঁটা চালিয়ে যান।
পাকিস্তান সরকার তাদের জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিপক্ষে মাঠে নামার ছাড়পত্র দেয়নি বলে জানা গেছে। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ বৈশ্বিক আসরে ভারত-পাকিস্তান ম্যাচের আর্থিক ও ক্রীড়াগত গুরুত্ব অত্যন্ত বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর কাছ থেকে ম্যাচ বয়কট বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি না হলে ব্যাপক ক্ষতির বিষয়ে সতর্ক করেছে আইসিসি।
এদিকে ভারত তাদের মাঠের প্রস্তুতিতে মনোযোগী রয়েছে। বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপের রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। এই গ্রুপের বহুল প্রত্যাশিত ম্যাচটি নির্ধারিত আছে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে।
টুর্নামেন্টের আগে দুই দলই বুধবার, ৪ ফেব্রুয়ারি, ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার এবং পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
টিজে/এসএন