যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এখন দেশপ্রেম শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হিলির আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের তালিম দিচ্ছেন অমুক মার্কায় ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। আপনার আমল বলে দিবে আপনি কোথায় যাবেন। আমলের বাইরে কোনো মার্কায় সিল মারলে স্বর্গ নরক নির্ধারণ হবে না। স্বর্গ-নরক নির্ধারিত হবে নিজের আমলের ওপর। নামাজ কালাম ঠিকমতো পড়ছি কিনা অন্য সব আদেশ ঠিকমতো পালন করেছি কিনা, তার ওপর। যারা তালিম দিয়ে বেড়ায় তাদের ইতিহাস হচ্ছে তারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল।’
তিনি বলেন, ‘আসুন আপনারা যারা দেশ প্রেমিক মানুষ দেশের পক্ষে থাকুন দেশের মানুষের পক্ষে থাকুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকুন, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার দয়া করে এভাবে চলুন জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।’
ডা. জাহিদ বলেন, ‘কেউ কেউ বলছেন তারেক রহমান নাকি বাংলাদেশে জনগণের চাপে পড়ে অনেক কথা বলছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে এই দেশে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিলেন তারেক রহমান। পরবর্তীতে ২৩ জুলাই সংস্কারের কথা বলেছেন তারেক রহমান। সংস্কারের ৩১ দফা দাবি সম্মিলিত কাগজ সারাদেশে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
আজকে যারা সংস্কারের কথা বলেন তারা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংস্কারের কথা বলা শুরু করেছেন। কাজেই কথা বলার সময় দয়া করে চিন্তা ভাবনা করে কথা বলবেন কোনটা সত্য কোনটা মিথ্যা।’
এসকে/টিকে