ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে গতকাল বুধবার এ বৈঠক না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে বলেন আলোচনা না হলে খামেনির চিন্তিত হওয়া উচিত।
নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি হবে। বৈঠক নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখন সংবাদমাধ্যম এনবিসির এক সাংবাদিক সাক্ষাৎকারে ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “আমি বলব তার খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।”
এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না। তাদের এ দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানিয়েছে, ইরানকে বলা হয়— যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়ত কোনো আলোচনা করবে না। তখন ইরান জানায় এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না।
ইউটি/টিএ