জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন জি বাংলার জনপ্রিয় গায়ক সয়ম। দীর্ঘদিনের প্রেমিকা সুস্মিতা চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সয়ম নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দিদি নম্বর ওয়ানের নিয়মিত মুখ হিসেবে পরিচিত সয়ম নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে আনন্দের খবর জানিয়েছেন।
বিয়ের ছবি পোস্ট করে সয়ম লেখেন, “কিছু গল্প চিরকাল খোদাই করে রাখার জন্য তৈরি হয়। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ।” জীবনসঙ্গিনী সুস্মিতার প্রতি তাঁর আবেগঘন বার্তায় প্রকাশ, “তুমিই আমার ঘর, আমার শান্তি আর আমার জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ।”
ছবিতে দেখা যায়, লাল বেনারসিতে সোনার গয়নায় সুস্মিতা একেবারে সাবেকি বাঙালি কনের সাজে। অন্যদিকে সয়মের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, মাথায় টোপর। শুভদৃষ্টি থেকে মালাবদল প্রতিটি মুহূর্তেই তাদের চোখে-মুখে ধরা পড়েছে আনন্দ, ভালোবাসা আর গভীর সখ্যতার রেশ।
বিয়ের মণ্ডপে এই যুগলবন্দির রসায়ন দেখে অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সয়মের ঘনিষ্ঠ বন্ধু, গায়ক সুপ্রতিম ভট্টাচার্য। এছাড়া দিদি নম্বর ওয়ান পরিবারের সদস্য এবং বাংলা সঙ্গীত জগতের বহু পরিচিত মুখও এই বিশেষ দিনে তাঁদের পাশে ছিলেন।
‘সারেগামাপা’ মঞ্চ থেকেই সয়মের যাত্রা শুরু। ধীরে ধীরে তিনি বাংলা গানের জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। এবার পর্দার বাইরেও জীবনের সুর মিলিয়ে নতুন অধ্যায় শুরু করলেন সুস্মিতার সঙ্গে। গানের মঞ্চের মতোই বাস্তব জীবনেও এই যুগলবন্দি যেন দীর্ঘদিন সুরেলা থাকে এই কামনা করছেন অনুরাগীরা।
পিআর/টিকে