বিতর্কের ঝড় থামার আগেই যেন অন্য এক দৃশ্যে ধরা দিলেন মিমি চক্রবর্তী। একদিকে আদালতের লড়াই, অন্যদিকে আধ্যাত্মিক আশ্রয় এই দুইয়ের মাঝখানেই বনগাঁ সফরে নায়িকার নতুন অধ্যায়। কয়েকদিন ধরেই মঞ্চ বিতর্ক ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যে হঠাৎই দেখা গেল তাঁকে বনগাঁর জাগ্রত সাতভাই কালীতলায়, গভীর মনোযোগে পুজো দিতে।
বনগাঁর অনুষ্ঠানে অপমানের অভিযোগ তুলে মামলা দায়ের করার পর থেকেই চর্চা থামেনি। অভিযুক্ত তনয় শাস্ত্রী গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে থাকলেও তাঁর অনুগামীদের একাংশের নানা দাবি ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়। সেই আবহেই আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। স্থানীয়দের মতে, সাতভাই কালীতলা অত্যন্ত জাগ্রত স্থান, আর সেখানেই শান্ত মুখে দেবীর সামনে বসে প্রার্থনায় মগ্ন হতে দেখা যায় তাঁকে।
মিমি চক্রবর্তী বরাবরই ধর্মবিশ্বাসী বলে পরিচিত। ব্যস্ততার মাঝেও ঘরের পুজো থেকে উপবাস সব কিছু নিয়ম মেনেই পালন করেন তিনি। বনগাঁর মন্দিরে তাঁর এই উপস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে ভিন্ন এক আবেগ। কেউ লিখেছেন ভরসার কথা, কেউ শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ের। যেন বিতর্কের কোলাহলের মাঝেও বিশ্বাসের জায়গাটুকু আরও স্পষ্ট হয়ে উঠল।
মঞ্চের উত্তেজনা, আদালতের কাগজপত্র আর মন্দিরের ধূপধুনো তিনটি ভিন্ন দৃশ্য মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত সমান্তরাল ছবি। একদিকে আইনি লড়াইয়ে অনড় অবস্থান, অন্যদিকে আধ্যাত্মিক আশ্রয়ে মন শান্ত রাখা মিমি চক্রবর্তীর এই বনগাঁ সফর তাই কেবল খবর নয়, হয়ে উঠেছে এক প্রতীকী মুহূর্তও।
পিআর/টিকে