গাড়ি বিক্রি, বাড়ি বন্ধক, দেউলিয়া গত ক’দিন ধরে এমন নানা গুঞ্জনেই ঘেরা বলিউড অভিনেতা গোবিন্দ। সামাজিক মাধ্যমে তাঁর ট্যাক্সিতে চড়ে ঘোরার একটি দৃশ্য ছড়িয়ে পড়তেই যেন আগুনে ঘি পড়ে। মুহূর্তে ছড়িয়ে যায় খবর, অর্থকষ্টে নাকি দিশেহারা এই তারকা। দীর্ঘদিন সিনেমায় দেখা না যাওয়া, ব্যক্তিগত জীবনে টানাপোড়েন আর হঠাৎ সাধারণ যাতায়াত সব মিলিয়ে গুঞ্জন যেন সত্যি বলেই ধরে নিয়েছিলেন অনেকে।
কিন্তু সেই জল্পনার মাঝেই সামনে এল ভিন্ন চিত্র। অভিনেতার ঘনিষ্ঠ সহায়ক শশী সিন্হা সরাসরি জানালেন, গোবিন্দ মোটেও দেউলিয়া নন। বরং তাঁর একাধিক গাড়ি রয়েছে, সংসারের সমস্ত খরচ নিজেই বহন করেন তিনি। স্ত্রী ও সন্তানদের প্রতিপালনেও কোনো ঘাটতি নেই। সাম্প্রতিক সময়ে ছোট-বড় বিভিন্ন অনুষ্ঠানে নাচতে দেখা গেলেও সেটিকে আর্থিক সংকটের প্রমাণ হিসেবে দেখাটা ভুল বলেই দাবি শশীর।
তবে অতীতের এক কঠিন সময়ের কথাও অস্বীকার করেননি তিনি। একসময় অন্যকে সাহায্য করতে গিয়ে ঋণের বোঝা কাঁধে চেপেছিল অভিনেতার। সেই সময় নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে ধীরে ধীরে সব ঋণ শোধ করেন গোবিন্দ। শশীর ভাষ্যে, এটি ছিল সাময়িক বিপর্যয়, স্থায়ী দেউলিয়াত্ব নয়।
এদিকে ব্যক্তিজীবনেও শান্তি ছিল না অভিনেতার। স্ত্রী একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন, এমনকি স্বামী হিসেবে তাঁকে আর চান না বলেও মন্তব্য করেছেন। দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিতি আর পারিবারিক টানাপোড়েন মিলিয়ে গোবিন্দকে ঘিরে নেতিবাচক ধারণা আরও গাঢ় হয়েছিল।
তবে ঘনিষ্ঠ মহলের দাবি, এখনও বিভিন্ন পরিচালক ও প্রযোজকের ফোন পান তিনি। কাজের প্রস্তাবও আসে নিয়মিত। ফলে দেউলিয়া হওয়ার গুঞ্জনকে নিছক অতিরঞ্জন বলেই মনে করছেন অনেকে। ট্যাক্সিতে চড়া বা ছোট অনুষ্ঠানে নাচ এসবই তাঁর স্বাভাবিক জীবনের অংশ, আর্থিক দুরবস্থার প্রতিচ্ছবি নয় বলেই উঠে এসেছে আপ্তসহায়কের বক্তব্যে।
এই ঘটনায় আবারও স্পষ্ট হলো, তারকাদের জীবন নিয়ে গুঞ্জন যত দ্রুত ছড়ায়, সত্য ততটা সরল থাকে না সবসময়। আলো-আড়ালের মাঝখানে দাঁড়িয়ে গোবিন্দ যেন আবারও মনে করিয়ে দিলেন, পর্দার বাইরের গল্পও কখনও কখনও চিত্রনাট্যের মতোই নাটকীয়।
পিআর/টিকে