রাত পৌনে একটা নাগাদ গুলি চলে। একটি গুলি জুহুতে ওই আবাসনের জিম-এর কাচের দেওয়ালে গিয়ে লাগে। রবিবার পুণের ধয়ারি ও কার্ভেনগর থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ।
শান্তি নেই বলিউড তারকাদের। শনিবার গভীর রাতে রোহিত শেট্টীর বাড়ি লক্ষ্য করে গুলি চলে। অন্তত পাঁচ রাউন্ড গুলি চলেছিল বলে জানা গিয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। পাশাপাশি ইতিমধ্যেই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুণে পুলিশ।
রাত পৌনে একটা নাগাদ গুলি চলে। একটি গুলি জুহুতে ওই আবাসনের জিম-এর কাচের দেওয়ালে গিয়ে লাগে। রবিবার পুণের ধয়ারি ও কার্ভেনগর থেকে পাঁচজনকে আটক করে পুলিশ। পাঁচ ধৃতের নাম আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০) সমর্থ শিবশরণ পোমাজি (১৮), স্বপ্নীল সকত (২৩)। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে এই পাঁচজনের বিরুদ্ধে।
এর মধ্যেই শুভম লোঙ্কের আরজ়ো বিশ্নোই নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি পোস্টে লিখেছেন, “রাম রাম! সমস্ত ভাইদের জানাই, জয় বজরংবলী। আজ আমরা পরিচালক রোহিত শেট্টীর মুম্বইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করছি। আমাদের কাজে নাক না গলানোর জন্য বহু বার ওকে বার্তা দিয়েছিলাম। কিন্তু ও বোঝেনি।”
গুলিবর্ষণের ঘটনা নিয়ে ওই ব্যক্তি আরও লেখেন, “এ তো একটা ঝলক ছিল। ও আমাদের কথা না শুনলে পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়। শোওয়ার ঘরে চলবে আর ওর বুকে গিয়ে বিঁধবে। গোটা বলিউডকে এটা আমাদের হুঁশিয়ারি। নিজেদের পথ ঠিক করো, না হলে তোমাদের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।”
সব শেষে সেই পোস্টে লেখা, “আমাদের শত্রুদের বলছি, প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা করো। একটাই দল ছিল, আছে আর থাকবে- লরেন্স বিষ্ণোই গ্যাং দল।”
উল্লেখ্য, সালমান খানকে বার বার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং- এর দল। এমনকি সালমান-ঘনিষ্ঠরাও ছাড় পাননি। ২০২৪-এ অক্টোবর মাসে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করে দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী।
এসকে/টিএ