লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬ টি সিলসহ একজনকে আটকের ঘটনায়, জালিয়াতির মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরী এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, সিলসহ সোহেল রানা নামের যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জামায়াত কর্মী বলে জানতে পেরেছি। হয়তোবা তার পদ অথবা পদবিও রয়েছে। একটি কম্পিউটারসহ ৬টা সিল জব্দ করা হয়েছে। সিলগুলো কে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ রয়েছে। প্রশাসনকে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এ ধরনের জালিয়াতি হচ্ছে, আগে থেকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, সোহেলের সিল বানানোর পেছনে কার ইন্ধন, কোন প্রার্থীর অথবা কোন নেতার ইন্ধন কিভাবে এই সিলগুলো বানানো হল এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট এবং জালিয়াতি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সরকারকে, নির্বাচন কমিশনকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।
এসএস/টিএ