বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন বিদিশা এরশাদ।
দেশের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগকে অত্যন্ত দূরদর্শী ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন তিনি। চিঠিতে বিদিশা এরশাদ উল্লেখ করেন, তারেক রহমানের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে প্রায় ১০ কোটি এবং প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার গাছ রোপণ করতে হবে। দেশের উপকূলীয় অঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সুরক্ষায় এই বিশাল কর্মযজ্ঞ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
তিনি জানান, তার বড় মেয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন, তাই একজন মা হিসেবে তিনি এই বিষয়ের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন।
তবে এই মহতী উদ্যোগকে দীর্ঘ মেয়াদে সফল করতে বিদিশা এরশাদ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রশ্ন তুলে ধরেন। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, বরং অঞ্চলভেদে সঠিক প্রজাতির চারা নির্বাচন করা জরুরি। সেই সঙ্গে নার্সারিগুলোর সক্ষমতা বাড়ানো এবং রোপণ করা গাছগুলো যেন মারা না যায়, সে জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যার সুনির্দিষ্ট কৌশল থাকা প্রয়োজন। তিনি এই প্রকল্পে এনজিও এবং স্থানীয় সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর জোর দেন।
পরিশেষে, একজন সাধারণ নাগরিক এবং এরিক এরশাদের মা হিসেবে বিদিশা এরশাদ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করবে। তিনি এই পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানিয়ে এর সফল বাস্তবায়ন কামনা করেন।
আইকে/টিকে