© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের রেডিও ভবনে ইসরায়েলি হামলা চলাকালীন সময়ে সেখানে ছিলেন ৮ বাংলাদেশি নাগরিক

শেয়ার করুন:
ইরানের রেডিও ভবনে ইসরায়েলি হামলা চলাকালীন সময়ে সেখানে ছিলেন ৮ বাংলাদেশি নাগরিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ১৭ জুন, ২০২৫
সম্প্রতি ইসরায়েল ইরানের রেডিও’র প্রধান দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলা চলাকালীন সময়ে রেডিও’র প্রধান দপ্তরে ছিলেন ৮ বাংলাদেশি নাগরিক। তবে ওই হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, ইরানের রেডিও ভবনে হামলার সময় ৮ বাংলাদেশি ওইখানে ছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি। তারা ভালো আছেন। তারা সম্ভবত ইরানের বাংলা বিভাগ আছে, তারা ওখানে কাজ করেন।

সবমিলিয়ে দুই হাজারের বেশি বাংলাদেশি নাগরিক বর্তমানে ইরানে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত, দুজন কর্মকর্তা, পাঁচজন কর্মচারী এবং তাদের পরিবারসহ প্রায় ৪০ জন রয়েছেন। রেডিও তেহরানে আটজন বাংলাদেশি ও তাদের পরিবারসহ রয়েছেন ২৭ জন।

তেহরানে শিক্ষার্থী রয়েছেন প্রায় ১০ থেকে ১২ জন। পেশাজীবী আছেন প্রায় ১০ জন। এছাড়া, ২৮ জন বাংলাদেশির গত ১৩ জুন দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছেন। সবমিলিয়ে তেহরানে ৪০০ বাংলাদেশি রয়েছেন।

ইরানের অন্যান্য জায়গায় প্রায় ৬০০ বাংলাদেশি আছেন, তারা ৩০ বছরের বেশি সময় ধরে সে দেশে বসবাস করছেন। সেখানে বিয়ে করে তারা স্থায়ী হয়েছেন। এর বাইরে আরও প্রায় ৮০০ বাংলাদেশি ১০ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে ইরানে অবস্থান করে বিভিন্ন সেক্টরে চাকরিতে নিয়োজিত আছেন। প্রায় ২০০-এর মতো শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।

এ ছাড়া, মানব পাচারের ট্রানজিট দেশ হিসেবে ইরানে সবসময় ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি অবস্থান করেন অন্য দেশে পাচার হওয়ার অপেক্ষায়।

আরএম/টিএ  


মন্তব্য করুন