বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। ভক্ত-সমর্থক, ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট-সবারই প্রত্যাশা ছিল শিরোপাকে ঘিরে। তবে সেই লক্ষ্যে পৌঁছানো তো দূরের কথা, সেমিফাইনালের দৌড় থেকেই আগেভাগে ছিটকে যেতে হয়েছে আজিজুল হাকিম তামিমের দলকে।
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ সোমবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের সঙ্গে সব ক্রিকেটারই দেশে পৌঁছেছেন।
শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও তার আগেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। সুপার সিক্সের শেষ ম্যাচে নিয়ম রক্ষার দিনে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে যুবারা।
ব্যাটিংয়ে বড় মঞ্চে আবারও হতাশ করেছেন ওপেনার জাওয়াদ আবরার। এই ওপেনারের কাছ থেকে অনেক প্রত্যাশা থাকলেও বিশ্বকাপজুড়ে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। চার ইনিংসে ২০.৭৫ গড়ে মোট ৮৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ৮৬। ভারতের বিপক্ষে ৫ (৩), যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৭ (৪২), ইংল্যান্ডের বিপক্ষে ৬ (৩) এবং জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ (৪৮) রান করেন আবরার।
অন্য ওপেনার রিফাত বেগও ছিলেন নিষ্প্রভ। ইনিংস গড়তে পারলেও বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হয়েছেন তিনি। দলের হয়ে ব্যাট হাতে মন্দের ভালো ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনটি ফিফটির সাহায্যে তিনি করেন ১৯৪ রান।
তবে মিডল অর্ডারেও প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি, যার ফলে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।
এমআই/টিএ