বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখানোর ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীর আয়োজিত নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমানকে উদ্দেশ করে রাশেদ প্রধান বলেন, লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, চিনেন নাকি আপনারা। আসার পরে নির্ধারণ করছেন মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি উনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চান, বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চান। উনি বলতে চান- ১৬ ধরে জামায়াত-শিবিরকে মাঠে দেখতে পাই নাই। উনি একাত্তরের ইতিহাসকে পরিবর্তন করতে চান।
বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি আবার ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চান। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী ১২ তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। ১২ তারিখ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হতে হবে।
তিনি আরও বলেন, ওই বিএনপি যারা ডা. শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে, সেক্রেটারি জেনারেল জামায়াতের, তারটাও হ্যাক করা হয়েছে। যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তারেক রহমানের আই হ্যাভ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে ১২ তারিখ রুখে দিতে হবে ইনশাআল্লাহ। ১১ তারিখ রাত থেকে ১২ তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেককে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
রাশেদ প্রধান বলেন, মা-বোনদের কেউ অপমান করার চেষ্টা করলে প্রতিরাধ করবেন এবং ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেগবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। এছাড়া নির্বাচনের দিন আরও একটি ভোট আছে। গণভোটে হ্যাঁ দেবেন
নির্বাচনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এসএম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনিসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরআই/টিকে