বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলছিল। এর মাঝেই স্ত্রীর প্রশংসা করে আলোচনায় এসেছেন অভিষেক। ঐশ্বরিয়ার কোনো কাজের জন্য অভিষেকের অনুমতির প্রয়োজন লাগে না বলে জানিয়েছেন অভিনেতা; যা নিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন বচ্চন পুত্র।
ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমানে সিনেমায় অভিনয় কমিয়ে দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে।
অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থাকা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, তিনি কোনো হীনম্মন্যতায় ভোগেন না। বরং সন্তানকে সময় দেওয়া এবং সংসার সামলানোকেই তিনি গুরুত্ব দিয়েছেন। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা বলেও জানান এই অভিনেত্রী।
ঐশ্বরিয়া খুব বেছে বেছে কাজ করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়ান সেলভান টু’ সিনেমায় তার অভিনয়ের পর ভক্তরা সামাজিক মাধ্যমে অভিষেকের কাছে অনুরোধ করেন, তিনি যেন ঐশ্বরিয়াকে আরও নিয়মিত অভিনয় করার সুযোগ বা অনুমতি দেন।
এর জবাবে অভিষেক বলেছিলেন, আমি তাকে অনুমতি দেওয়ার কেউ নই। সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। সে যা করতে ভালোবাসে, সেখানে আমার অনুমতির কোনো প্রশ্নই আসে না।
অভিষেকের এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই তাকে ‘আদর্শ স্বামী’ হিসেবে আখ্যা দেন।
দীর্ঘদিন ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চললেও এই দম্পতি বরাবরই নীরব থেকেছেন। কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও মাঝেমধ্যেই একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে গুঞ্জনের জবাব দিয়েছেন তারা। ২০০৭ সালে বিয়ের পর থেকে বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি হিসেবে পরিচিত এই জুটি।
পিআর/টিকে