কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেছেন, ‘জামায়াত দেশকে আফগানিস্তানের মতো একটি তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা গণতন্ত্র, মুক্তচিন্তা ও নারীর অধিকারকে ধ্বংস করে একটি উগ্রবাদী শাসনব্যবস্থা কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কর্মজীবী মহিলাদের নিয়ে বাজে মন্তব্য করেছে। তাদের স্বভাব এখনো পরির্বতন হয়নি।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী বাজার সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী শান্তি কমিটির নামে নারীদের চুলে ধরে পাকিস্তানির হাতে তুলে দিয়েছে। এখন তাদের দলের প্রধান সাদা দাড়ি, টুপি পরে নারীদের অসম্মান করেছে। সারা দেশে নারীরা তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারাও ভোটের ব্যালটে তাদেরকে প্রত্যাখ্যান করবেন।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান কৃষি, শিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, তার সুফলেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আজ হুমকির মুখে পড়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হবে।’
কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহম্মেদ মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুল রহমান মজুমদার মুক্ত, শাহাবুদ্দিন ফরায়েজি লাট্টু, শাহ-আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, উপদেষ্টা ফজলুর রহমান কাসেম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, খোন্দকার আল-আমিন খোকন প্রমুখ।
টিজে/টিকে